মেহেরপুরের গাংনী উপজেলার খড়ের মাঠ এলাকায় জুয়াড়ি ও পুলিশের মধ্যে ইট-পাটকেল এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে খোকন হোসেন (৪০) নামের এক জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তার বাড়ি মালসাদহ গ্রামে। গাংনী থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, গাংনী বাজার পাড়ার ইউনুছ আলী বেশ কিছুদিন ধরে পৌরসভার সামনে খড়ের মাঠে জুয়ার আসর চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শক্রবার রাতে সেখানে অভিযানে চালায়। এ সময় জুয়াড়িরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে পুলিশও দুই রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় ঘটনাস্থল থেকে খোকনকে আটক করে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের গঠন করা বিশেষ একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
