পাবনার সুজানগরে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্র্রেণির অসাধু পেশাজীবী পাখি শিকারীসহ কতিপয় সৌখিন শিকারী নির্বিঘেœ এই পাখি নিধন করছেন।
প্রতিবছর শীতের আগমনী বার্তা শুরু হতেই সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ হতে রাজহাঁস, চখা, পানকওরী, শামখইল, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে আসে সুজানগরের গাজনার বিলসহ পদ্মার চরাঞ্চলে। এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি গাজনার বিল ও পদ্মার চরাঞ্চলসহ আশপাশের বিলে আসতে শুরু করেছে। কিন্তু পাখি শিকারীদের ফাঁদ এবং বন্দুকের গুলিতে তাদের প্রাণ দিতে হচ্ছে। এতে ভঙ্গ হচ্ছে তাদের নিরাপদ আশ্রয়ের স্বপ্ন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কতিপয় পেশাজীবী শিকারীরা শীতের শুরু থেকেই উপজেলার বিল বাওড় এবং পদ্মার চরাঞ্চল কারেন্ট জালের ফাঁদ পেতে শত শত অতিথি পাখি শিকার করে। তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে প্রকাশ্যে স্থানীয় হাট-বাজারে বিক্রি করে থাকে। সেই সাথে সৌখিন শিকারীরাও মাঝে মধ্যেই তাদের বৈধ বন্দুক দিয়ে নির্বিচারে ওই সকল পাখি শিকার করছেন। সরকারিভাবে অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও শিকারীরা কোন প্রকার নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অবাধে অতিথি পাখি শিকার ও বিক্রি করছে।
