নেত্রকোনায় পুলিশের ওপর জুয়াড়িদের হামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ১৩:৪৩

নেত্রকোনা সদর উপজেলা এবং দুর্গাপুর উপজেলার সীমান্ত কাকিয়াকুড়ি গ্রামে ষাঁড়ের লড়াই এবং জুয়া বন্ধ করতে গিয়ে দুই গ্রামের জুয়াড়িদের হামলায় এসআই আওয়ালসহ ৭ জন পুলিশ আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ১১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পুলিশ শহীদ বেগ (২৫) নামক এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নেত্রকোনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার কে-গাতি ইউনিয়নের কাকিয়াকুড়ি গ্রামে আজ সূর্যোদয়ের সাথে সাথে ষাঁড়ের লড়াই এবং জুয়াড় আসর বসানো হবে এ রকম খবর গোপন সূত্রে পাবার পরপরই  নেত্রকোনা সদর থানার পুলিশ কে-গাতি ইউনিয়নের দুর্গম কাকিয়াকুড়ি গ্রামে যায় এবং লড়াইয়ের জন্য রাখা ষাঁড়টিকে আটক করে। এই ষাঁড়টি পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতাশজান গ্রামের ফয়জুদ্দিনের বলে জানা গেছে। পুলিশ কর্তৃক ষাঁড় আটকের খবর পাবার সাথে সাথে তিতাশজান এবং কাকিয়াকুড়ি গ্রামের প্রায় ২ শতাধিক লোক দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের ওপর শতশত ঢিল নিক্ষেপ করে তারা। এতে এসআই আওয়ালসহ ৭ জন পুলিশ আহত হন। তখন পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে ১১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।
নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। এদিকে, পুলিশ বাদী হয়ে ষাঁড়ের মালিক ফয়জ উদ্দিনসহ ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা দায়ের করেছে। এদের গ্রেফতারে  অভিযান চালানো হচ্ছে। পুলিশ আরো জানায়, তিতাশজান গ্রামের অধিকাংশ লোকজন ডাকাতি পেশার সাথে জড়িত।
নেত্রকোনা সদর থানা পুলিশ নেত্রকোনা সদরের চল্লিশা থেকে ষাঁড়ের লড়াইয়ের জন্য রাখা একটি ষাঁড়কে আটক করে থানায় নিয়ে আসে।