স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমানই যথেষ্ট। তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতকে সাথে নিয়ে মানুষ হত্যা, পুলিশ-বিজিবি হত্যা এবং পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে জাতিকে পিছিয়ে দিতে চায়। তবে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।
শনিবার দুপুরে বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, পাঁচ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল জারি হতো। জনগণ যখন ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় তখন খালেদা জিয়া জ্বালাও পোড়াও করে ভোট বন্ধ করতে চেয়েছিলেন। বিএনপির জ্বালাও-পোড়াওর মধ্যে ৪০ ভোট পড়েছিল। জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। নিয়মানুযায়ী আগামী ২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না।
খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনি নির্বাচনী ট্রেন মিস করেছেন। মাথা ঠান্ডা করে নিজের দল গোছান। ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিন। তিনি বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন। এর জন্য দায়ী কে? শেখ হাসিনার গতিশীল ও দুরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনা জানেন কখন কী করতে হয়। সরকারের সফলতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা দারিদ্র বিমোচন করেছি। গ্রামে গ্রামে ডাক্তার দিয়েছি। ভোটের অধিকার নিশ্চিত করেছি। তিনি শেরপুর টাউন ক্লাব পাবলিক অনার্স মহিলা কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য মো. হাবিবর রহমান, মো. শফিকুল ইসলাম শিমুল প্রমুখ। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম কলেজেটির নতুন অনার্স ভবনের ফলক উন্মোচন করেন। পরে বিকাল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী ২৫০ শয্যাবিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন ও চিকিত্সকদের সাথে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী হাসপাতালে অল্প সময়ের মধ্যে নতুন অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষণা দেন।
চিকিত্সকদের বিভাগীয় সম্মেলন
বিকাল ৪টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম স্থানীয় চার তারকা এক হোটেলে বগুড়া জেলা বিএমএ আয়োজিত চিকিত্সকদের রাজশাহী বিভাগীয় সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষ্যে ৩৩তম বিসিএসে ৬ হাজার চিকিত্সক নিয়োগ দেয়া হয়েছে। নতুন এ সব চিকিত্সককে তাদের নিজ জেলার উপজেলায় ইউনিয়নে পদায়ন করা হয়েছে। যাতে করে সকলকে নিজেদের কাছের মানুষ হিসেবে বিবেচনা করে সেবা দিতে পারে। তিনি বলেন উপজেলাগুলো বা ইউনিয়নগুলোতে যেসব চিকিত্সককে নিয়োগ দেয়া হয়েছে তাদের আগামী দুই বছর সেখানে থাকতে হবে। কোনো ফাাঁকিবাজি বরদাশত করা হবে না। এ সময় মন্ত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ক্যাজুয়ালিটি বিভাগসহ হাসপাতালের নষ্ট হয়ে পড়ে থাকা সিটিস্ক্যান মেশিন ও ক্যান্সার চিকিত্সার মেশিন দ্রুততম সময়ের মধ্যে পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বগুড়া জেলা বি এম এ সভাপতি ডা. মোস্তফা আলম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন বিএমএর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সহসভাপতি (রাজশাহী) ডা. তবিবুর রহমান, সাবেক সহসভাপতি ডা. শরফুদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম মহাসচিব ডা. এম এ আজিজ, বগুড়া বিএমএর সাধারণ সম্পাদক ডা. রেজাউল করিম জুয়েল ও যুগ্ম সম্পাদক ডা. সামির হোসেন মিশু প্রমুখ।
