খাগড়াছড়িতে পুলিশবাহী বাস খাদে, নিহত ১, আহত ২১

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১১:২৪

খাগড়াছড়ি জেলা সদর সংলগ্ন আলুটিলার ময়নাটিলা এলাকায় পুলিশবাহী একটি বাস খাদে পড়ে মো: আবু বকর সিদ্দিক(৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত এবং ২১ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খাগড়াছড়ি যাওয়ার পথে পুলিশবাহী বাসটির (নম্বর চাঁদপুর জ ১১-০০১০) চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। তখন এটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে পুলিশ কনস্টেবল আবু বকর ঘটনাস্থলে প্রাণ হারান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নায়েক শৈলেন, কনস্টেবল হাবিব ও কনস্টেবল হাসানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের  খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, কুমিল্লায় বিশেষ দায়িত্ব পালন শেষে পুলিশের দলটি বাস যোগে খাগড়াছড়ি সদরে ফিরছিলেন।