রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুলিশের বাধায় ছাত্রমৈত্রীর পদযাত্রা কসর্মসূচী পণ্ড হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পা দিত্য বসুর অংশগ্রহণে এই পদযাত্রার আয়োজন করা হয়। এসময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে যেতে বাধ্য হন।
ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে গিয়ে পদযাত্রা কর্মসূচী শুরু ও তালাইমারি গিয়ে শেষ করে। এতে ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি মতিউর রহমান মতি ও রাবি শাখার সভাপতি মাহবুবুর আলম বিশ্বাসসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেয়। এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ক্যাম্পাসে মিছিল-মিটিং নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ তা উপেক্ষা করে পদযাত্রা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
