চলমান জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার করার অভিযোগে বগুড়ায় এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ । শনিবার দুপুরে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ওয়াইএমসিএ পাবলিক স্কুলের সহকারি শিক্ষক মাসুদ ইবনে কাউছার তার ফেসবুক এ্যাকাউন্ট থেকে চলমান জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তা ফেসবুকে শেয়ার করেন। বিষয়টি পুলিশ সুপার মোজাম্মেল হকের নজরে এলে শনিবার দুপুরে পুলিশ তাকে স্কুল থেকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। মাসুদ ইবনে কাউছার রাজশাহীর বাঘা উপজেলার দাতপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রায় তিন বছর আগে বগুড়া ওয়াইএমসিএ স্কুলে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন।
আটককৃত শিক্ষক জানান, তিনি বিষয়টি না বুঝে করেছেন। একটি ফেসবুক আইডি থেকে এধরনের একটি পোষ্ট দেখে কৌতুহল বশতঃ সেটাতে লাইক এবং শেয়ার করেছেন।
বগুড়া সদর থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটিঅফিসার) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জব্বার জানান, ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে স্কুলশিক্ষক মাসুদ ইবনে কাউছারকে আটক করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৭টা পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোন সিদ্ধান্ত হয়নি ।
