ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য কফিল উদ্দিন (৪৫) রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আজগর আলী ফকিরের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রোটেকশন শাখায় সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর গানম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, কফিল মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে তিনি মহাসড়কের ভাটবাউর এলাকায় রহমান সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
