মানিকগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১২:২২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা বেগমকে (৬৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে পুলিশ ওই ইউনিয়নের জামালপুর গ্রামের নিজ বাড়ির পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করেছে। মনোয়ারা ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। জমির বিরোধে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার মনোয়ারা জয়মন্টপ গ্রামে বোনের মেয়ের জামাই বাড়ি বেড়াতে যান। বাড়ি ফেরার সময় রাত নয়টার দিকে তিনি বাইমাইল বাসস্ট্যান্ডে এসে নামেন। ওই বাসস্ট্যান্ডে তিনি কিছু সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথাও বলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। রাতে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। শনিবার সকাল সাতটার দিকে স্থানীয়রা ওই স্থানে মনোয়ারার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।