চান্দিনায় সড়ক দুঘর্টনায় ছয় জেএসসি পরীক্ষার্থী আহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৭:২৩
কুমিল্লার চান্দিনায় সিএনজি-পিকআপ এর মুখোমুখী সংঘর্ষে জেএসসি’র ছয় পরীক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক।
রবিবার দুপুর পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- চান্দিনা নূরীতলা গ্রামের হাসেম মিয়ার ছেলে বায়েজিদ, সেলিম মিয়ার ছেলে রিয়াজ, খোরশেদ আলম এর ছেলে হযরত আলী, সেলিম মিয়ার ছেলে জাহিদ হাসান, কোরেরপাড় গ্রামের ছিদ্দিকুর রহমান এর ছেলে মোহাম্মদ আলী, আলী আহাম্মদ এর ছেলে এমরান। তারা সকলেই চান্দিনা নূরীতলা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিল।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক জানান, নূরীতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি গণিত পরীক্ষা শেষে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ি ফেরার সময় নূরীতলা বাস স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
এসময় সিএনজি অটোরিক্সায় থাকা ছয় জেএসসি পরীক্ষার্থী ও চালকসহ সাত জন আহত হয়। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিত্সা দিয়ে আশংকাজনক অবস্থায় এমরান, বায়েজিদ ও রিয়াজ ও মোহাম্মদ আলী’কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান আসাদ জানান, দুর্ঘটনার পর দুমরে মুচরে যাওয়া সিএনজি অটোরিক্সা ও ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে ফাঁড়িতে আনা হয়েছে।