লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৮:০২
 
সদর উপজেলায় জেএসসি পরীক্ষায় নকলের সহযোগীতা করার অভিযোগে মো. আনোয়ার হোসেন নামে এক প্রধান শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ রবিবার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তিনি সদর উপজেলার ইউসুফপুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ছাড়া সদর উপজেলার দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও নকলের সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম ৫ পরিদর্শককে বহিষ্কার করেন, বহিষ্কৃত শিক্ষকরা হলেন,  রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবুল চন্দ্র দাস, বিল্পব চন্দ্র দাস, হুমায়ুন কবির, গোপিনাথপুর উচ্চ বিদ্যালয়ের আরিফ হোসেন, কামান খোলা উচ্চ বিদ্যালয়ের আবদুল মান্নান। 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব নুরুল ইসলাম কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার আদেশ দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান জানান, নকলের সহযোগিতা করার অপরাধে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।