শিল্প ও বাণিজ্যিক সেবা পণ্যের জন্য আন্তর্জাতিক রফতানি বাজারে তাৎপর্যপূর্ণ শেয়ার অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধির অগ্রগতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে। সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এক রিপোর্টে এ কথা বলা হয়।
বালিতে মন্ত্রীপর্যায়ের সিদ্ধান্তের আলোকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) রফতানী বাজারে প্রবেশাধিকারের ওপর ডব্লিউটিও সচিবালয় বার্ষিক এই রিপোর্ট তৈরি করেছে। প্রথম বার্ষিক পর্যালোচনার জন্য গত সপ্তাহে এর সাব-কমিটির কাছে রিপোর্টটি পেশ করা হয়।
রিপোর্টে উল্লেখ করা হয় যে, স্বল্পোন্নত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে ২০১৩ সালে মোট পণ্য রফতানী ৫.২ ভাগ বৃদ্ধি পেয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। গত বছর বাংলাদেশের শিল্পপণ্য রফতানীকারকরা ২৯,১১৪ মার্কিন ডলারের পণ্য রফতানী করেছে।
একই সময় বাংলাদেশ থেকে বাণিজ্যিক পণ্য রফতানী হয়েছে ১৮৭৬ মার্কিন ডলারের। রিপোর্টে বলা হয়, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশের আইসিটি শিল্প একটি প্রধান রফতানী আয়ের খাত হবে।
সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর প্রবৃদ্ধি বাড়ছে। পর্যটন খাতের জন্য কম্বোডিয়া, আইসিটি রফতানীর জন্য বাংলাদেশ এবং নির্মাণ সামগ্রী সরবরাহের জন্য আফগানিস্তানে প্রবৃদ্ধি বাড়ছে।
