চাইনিজ কুড়াল দিয়ে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতেরশ্রী গ্রামের কলেজ ছাত্র রাসেলের চোখ উৎপাটনের অভিযোগে একই এলাকার ২ ভাইসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছর করে কারাদ-ের আদেশ প্রদান করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ সোমবার আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। ঘটনার পর থেকে ১৩ বছর মামালা চলার পর আজ এ রায় প্রদান করা হয়। সাজা প্রাপ্ত আসামিরা হলেন- আব্দুর রহমান (৫০), রফিকুল ইসলাম (২৯), শফিকুল ইসলাম (২৪) বিপ্লব (২৭) এবং স্বপন মিয়া (২২)। আসামি রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম আপন দুই ভাই।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০০ সালের ২১ ডিসেম্বর আব্দুল হান্নান (৪০) ধর্মপাশা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিকালে সতেরশ্রী বাজারে আসতেই আগে থেকে ওৎ পেতে থাকা আব্দুর রহমান, রফিকুল ইসলামসহ কয়েকজন চাইনিজ কুড়াল ও লাঠি সোটা নিয়ে হান্নানের ওপর হামলা করে। তার চিৎকার শুনে ভাতিজা রাসেল ঘটনাস্থলে আসতেই আসামিরা তার উপরও চড়াও হয়। শফিকুলের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে রাসেলের চোখে আঘাত করে। রাসেলের চোখ নষ্ট হয়ে যায়। পরে হান্নানের ভাই শামসুজ্জামান বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ জজ উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কমলেশ চৌধুরী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম ভুইয়া।
