নারায়ণগঞ্জে তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৬:৩১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকা থেকে সোমবার দুপুর দেড়টার দিকে বৃষ্টি (২৮) নামে এক তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় বৃষ্টির গলায় ওড়না পেচানো ছিল। পুলিশের ধারণা বৃষ্টিকে হাত পা বাঁধার পরে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) কোরবান আলী জানান, বৃষ্টি নামে ওই তরুণী গত ১ নভেম্বর পশ্চিম নয়ামাটি এলাকার সামিরের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া নেয়ার সময় তিনি নিজেকে একটি রুলিং মিলের  শ্রমিক ও তার স্বামীর নাম জাহিদ বলে পরিচয় দেন। তবে তিনি ভাড়া বাড়িতে আসেন গত ৮ নভেম্বর। এরপর তিনি মালামাল ক্রয়ের কথা বলে বের হয়ে যান। পরে তিনি কখন ফিরে এসেছেন তা কেউ বলতে পারেনি। সোমবার দুপুরে লাশের গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিক ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।