নড়াইলে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা, সমন জারি

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৮:০৬
 
 
 
পবিত্র হজ্জ্ব, মহানবী (সা.) ও তাবলীগ-জামায়াত সম্পর্কে কটূক্তি করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা প্রফেসর উজির আহম্মেদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. সালেহুজ্জামান মামলাটি আমলে নিয়ে আগামী ২০ জানুয়ারি সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
মামালার আইনজীবী এ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন জানান, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গত ২৮ সেপ্টেম্বর টাঙ্গাইল প্রবাসীদের সাথে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে মতবিনিময়কালে পবিত্র হজ্জ্ব, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাবলীগ জামায়াত নিয়ে কটূক্তি করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মুক্তিযোদ্ধা প্রফেসর উজির আহম্মেদ খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন ।