রবিবার হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিফটির পরই ব্যাট তুলে চুম্বন বাতাসে ভাসিয়ে দিলেন বিরাট কোহলি। ভিআইপি স্ট্যান্ডে উপস্থিত প্রেমিকা আনুশকার প্রতি। উত্ফুল্ল আনুশকা শর্মাও দাঁড়িয়ে করতালি দিয়ে ভালোবাসার মানুষের অনন্য অর্জনকে অভিনন্দন জানান।
এদিন ‘মনের মানুষের’ উপস্থিতিতে ছয় হাজারি ক্লাবে ঢুকে পড়েন কোহলি। শুধু তাই নয় স্যার ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা এমনকি সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তীদের পিছনে ফেলে দ্রুততম ছয় হাজারি ক্লাবের রেকর্ড এখন তার দখলে। নিজের ১৩৬তম ইনিংসে তিনি এই রেকর্ড গড়েন। সত্যি ‘লেডি লাক’-ই বটে!
ইংল্যান্ড সফরে বান্ধবী বলিউডের তারকা আনুশকা শর্মাকে সঙ্গে দেখা যাওয়ায় বিরাট কোহলির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল৷ কিন্তু যতো দিন গড়িয়েছে, সমালোচকদের রক্তচক্ষু ততই যেন শীতল হয়ে গেছে। এখন আর তাদের সম্পর্কে কারো মনে কোনও সন্দেহ নেই৷ তারা এখন দু’জনই খোলামেলা প্রেম করছেন। সবাই আনুশকাকে কোহলির হবু স্ত্রী হিসেবে ধরেই নিয়েছেন৷
