পুঁজিবাজারে দিনে দিনে বিনিয়োগকারী আসছেন। এতে বাড়ছে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব। গত ১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিও হিসাব বেড়েছে ৬৭ হাজার। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৮৬ হাজার ৫৬৫টি। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এ সংখ্যা ছিল ২৯ লাখ ১৮ হাজার ৭৬৭টি। অর্থাত্ এই সময়ে বিও হিসাব বেড়েছে ৬৭ হাজার ৭৯৮টি।
সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে প্রতিমাসেই নতুন আইপিও আসছে। তাই আইপিওকে কেন্দ্র করে বাজারে নতুন বিনিয়োগকারী বাড়ছে। এদিকে অক্টোবর মাসে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৪৬ হাজার ৫৪৮টি। এ নিয়ে বর্তমানে পুরুষ বিও হিসাব হয়েছে ২১ লাখ ৮৭ হাজার টি। যা সেপ্টেম্বরে ছিল ২১ লাখ ৪১ হাজার ২৯৯টি। আর গেল মাসে নারী বিও হিসাবের সংখ্যা বেড়েছে ২১ হাজার ১২৫টি। বর্তমানে নারী বিও হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৫১৯টি। সেপ্টেম্বরে মাসে যা ছিল ৭৬ লাখ ৭ হাজার ৩৯টি। তথ্যে দেখা গেছে, গেল মাসে স্থানীয় বিও হিসাবের সংখ্যা ৬৬ হাজার ২৭০টি বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৪ হাজার ৯টি, যা আগের মাসে ছিল ২৭ লাখ ৬৭ হাজার ৭৩৯টি।
একইসাথে বেড়েছে প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা। বর্তমানে প্রবাসী বিও হিসাবের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৩৫৭টি। যা সেপ্টেম্বরে ছিল ১ লাখ ৪০ হাজার ৯৫৪টি।
