সম্ভাবনা থাকলেও রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। বরং গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয় উল্টো পথে হাঁটছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ১০ কোটি মার্কিন ডলার বা ৭৮০ কেটি টাকার সমপরিমাণ। আর গত চার মাসের লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি কমেছে অন্তত ৬ হাজার কোটি টাকা। রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে রপ্তানি কমেছে প্রায় ১ শতাংশ। আর লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় কমেছে সাড়ে ৭ শতাংশ। অথচ রাজনৈতিক অস্থিরতা স্বত্তেও বিগত ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল সাড়ে ১৬ শতাংশ।
ইপিবি সূত্রে জানা গেছে, গেল অক্টোবর মাসে বড় ধাক্কা খেয়েছে রপ্তানি আয়। আলোচ্য সময়ে গত অর্থবছরের অক্টোবরের তুলনায় রপ্তানি আয় কম হয়েছে ১ হাজার ২৪৮ কোটি টাকার। অর্থাত্ গত অক্টোবরে রপ্তানি কমেছে প্রায় ৮ শতাংশ। আর লক্ষ্যমাত্রার তুলনায় কমছে ২০ শতাংশ!
