জামিন পেলেন সাবেক ম্যাজিস্ট্রেট

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ২১:০৯
 
নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সাবেক বিভাগীয় সমন্বয়ক ও ফেনীর সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ওমর শরীফ আল মারুফকে শর্তসাপেক্ষে এক সপ্তাহের জন্য জামিন দেয়া হয়েছে।
সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস তার জামিন মঞ্জুর করেন। দু’জন আইনজীবীর জিম্মায় ১০ লাখ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন বিচারক। আগামী ১৮ নভেম্বর ওমর শরীফকে পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ মে নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে হিযবুত তাহরীরের নিষিদ্ধ লিফলেট, পোস্টার ও ম্যাজিস্ট্রেট ওমর শরীফের লিখিত বই উদ্ধার করে পুলিশ। ভাড়া করা এ বাসা থেকে হিযবুত তাহরীরের কার্যক্রম পরিচালিত হতো বলে পুলিশ জানায়।
এ ঘটনায় নগরীর খুলশী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলার পর থেকে হিযবুত তাহরীরের বিভাগীয় সমন্বয়কারী ও ফেনীর সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ওমর শরীফ আল মারুফ পলাতক ছিলেন।
গত শনিবার তিনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। তিনি পলাতক থাকা অবস্থায় আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।