জাহাজে হত্যাকাণ্ড: গ্রীজারম্যান পারভেজের স্বীকারোক্তি

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ২২:৩১
 
 
বহুল আলোচিত লাইটার জাহাজ এম ভি কর্ণফুলীর-৫ এ হত্যাকাণ্ডের ঘটনায় মুখ খুলেছে ঐ জাহাজের গ্রীজারম্যান পারভেজ। সোমবার বিকালে লক্ষ্মীপুর জজ কোটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনিয়া আক্তারের নিকট দেওয়া জবানবন্দিতে পারভেজ জানায়,সার চোরাচালান বিষয় নিয়ে মাস্টার এনামুল হাছান মুকিত, ইঞ্জিন চালক নূরে নেওয়াজ ও সুকানি শাকিলের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ঐ ঘটনায় অভিযুক্ত লস্কর শামিম, টিটু, শামীমের খালাতো ভাই (অজ্ঞাত নামা) বাবুচি (অজ্ঞাত নামা) তাদেরকে খুন করে।
পারভেজ আরো জানায়,  তারা কাফকো জেটি থেকে ২ হাজার বস্তা অতিরিক্ত ইউরিয়া সার চোরাচালানি চক্রের যোগসাজসে ওই লাইটারে বহন করেছিল। এতে ভিকটিমরা তাদের সাথে একমত না হওয়া ঐ খুনের ঘটনা ঘটে।
অভিযুক্তদের সবার বাড়ী ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় বলেও জানান তিনি।
পারভেজ দাবি করেছে, তাকে প্রাণ নাশের হুমকি ও ৫০ হাজার টাকার লোভ দেখিয়ে হত্যাকাণ্ডে যুক্ত করা হয়েছে।

পারভেজের বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তোপানিয়া গ্রামে। সে সংশ্লিষ্ট মামলার এজাহার ভুক্ত আসামি। জবানবন্দি গ্রহণ শেষে তাকে লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।