সীমান্তে নিখোঁজ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১২:৩২

নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবক জাকির হোসেনের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। জাকির হোসেন দামুড়হুদা উপজেলার কামার পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সোমবার দিনগত রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, রাত ১০টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৮২ এর নিকট শূন্য লাইন হতে ৭৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর বাংলাদেশ অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার বিকাল ৪টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ জানায় এই নামে তাদের কাছে কোন বাংলাদেশি আটক হয়নি । আহত বা নিহত হওয়ার খবরও নেই ।
স্থানীয় সূত্র জানিয়েছে, রবিবার রাতে বিএসএফের সাউন্ড গ্রেনেডের আঘাতে মারা গেছেন জাকির ।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত জাকিরের লাশ দামুড়হুদা থানায় নেয়া হয়েছে ।
উল্লেখ্য, রবিবার দুপুরে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপির এলাকায়  মো. জাকির হোসেনকে (৩০) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার বড় ভাই মো. আমিন উদ্দিন অভিযোগ করেন ।