শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৮:২১
 
 
 
 
শেয়ারবাজারে মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। উভয় শেয়ারবাজারেই লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। আইডিএলসির দৈনন্দিব বাজার বিশ্লেষণে বলা হয়েছে, কয়েক দিন দরসংশোধনের পর ক্ষুদ্র ও মাঝারি ধরনের মূলধনী কোম্পানিগুলোর দাম আগের দিনের তুলনায় বেড়েছে।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ বেড়ে ৪ হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৫ বেড়ে ১ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৭৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ৯৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৩ বেড়ে ১৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪২ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৭ কোটি টাকা কম।  লেনদেনকৃত ২২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ অর্থবছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে চলে গেছে তাল্লু স্পিনিং। স্টক এক্সচেঞ্জের সেটেলমেন্ট রেগুলেশন ২০১৩ অনুযায়ী এ  কোম্পানির ক্যাটাগরি অবনমন করা হয়েছে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে এখন থেকে এ  কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন লোন দেয়া যাবে না। এ দিকে, তালিকাভুক্ত তিনটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওয়েস্টার্ন মেরিন কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার জন্য সুপারিশ করেছে। অপর কোম্পানি মিথুন নিটিংয়ের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২০ নভেম্বর।