রাজশাহীতে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ২০:০০
 
রাজশাহীর মোহনপুরে মৌগাছি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামসুল আলমের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার চাঁদপুর গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের ইয়াদ আলী ইদুর ছেলে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, সকালে আমবাগানের তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। বিকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো বলেন, নিহতের মুখে রুমাল ঢুকানো ছিল। ফলে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা হলেও ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় আপাতত ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হত্যার আলামত পাওয়া গেলে পরে পরিবর্তন করা হবে বলেও জানান ওসি।
তিনি জানান, শামসুল আলুর ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার ব্যবসায়ীক কাজের জন্য ঢাকা যান। সোমবার রাতে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার আমবাগানের মধ্যে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এখন তিনি নিজেই আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন না কেউ তাকে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে গেছে তা রহস্যাবৃত। নিহত শামসুল আলমের মুখে রুমাল পাওয়া গেলেও তার শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জানান ওসি।