সাকিব আল হাসানের ওপর বিদেশি লিগে খেলার যে নিষেধাজ্ঞা রয়েছে, বাংলাদেশে ক্রিকেট বোর্ড তা সাময়িকভাবে ওঠানোর পরিকল্পনা করেছে।
বিবিসি বাংলাকে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে মাঠে এবং মাঠের বাইরে সাকিবের আচরণে উন্নতি দেখে তারা সন্তুষ্ট । সাকিব আবেদন করলে বিদেশী লীগে খেলার ওপর নিষেধাজ্ঞাও সাময়িকভাবে তোলার কথা বিবেচনা করা হবে। তবে তা পুরোপুরি প্রত্যাহার করা হবে না।
অসদাচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত জুলাই মাসে বিসিবি ছমাসের জন্য তাকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। বিদেশি লিগের খেলার প্রশ্নে আগামী বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে।
এখন দেখছি সে টিমের সাথে একবারেই সম্পৃক্ত। সে পারলে এখন দলের তিন-চারজনের সাথে একরুমে থাকে। অথচ আগে এমন কথাও এসেছে যে সে এক ফ্লোরেই থাকতে চাইতো না
সম্প্রতি দেশের হয়ে এবং ঘরোয়া লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হলেও, বিদেশি লিগের খেলার ওপর নিষেধাজ্ঞা বলবত রয়েছে।
সম্প্রতি জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের ম্যাচ-জেতানো পারফরমেন্সের পর বোর্ড সভাপতি নমনীয়তার ইঙ্গিত দিচ্ছেন।
হাসান বলেন, পারফরমেন্স নয়, সাকিবের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছেন তারা।
"এখন দেখছি সে টিমের সাথে একবারেই সম্পৃক্ত। সে পারলে এখন দলের তিন-চারজনের সাথে একরুমে থাকে। অথচ আগে এমন কথাও এসেছে যে সে এক ফ্লোরেই থাকতে চাইতো না।"
তবে বোর্ড সভাপতি বলেন, নিষেধাজ্ঞা সাময়িকভাবে উঠলেও তার আচরণের ওপর নজর রাখা হবে। সাকিব যদি আবার যদি শৃঙ্খলা ভঙ্গ করে, অধিকতর শাস্তি সহ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে।
সাকিবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে তার নিজের এবং বোর্ডের যে সমালোচনা হয়েছে, সে প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, "সাকিবের ব্যাপারে আমার ব্যক্তিগত কোন সমস্যা ছিলনা। তার আচরণে পরিবর্তনই আমাদের উদ্দেশ্য ছিল। এই শাস্তি সাকিবের নিজের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে।
মি হাসান বলেন, সাকিব নিজেও এখন স্বীকার করে তার ভুল হয়েছিলো।
বোর্ড প্রেসিডেন্ট জানান, দলের খেলোয়াড়দের আচরণ এবং শৃঙ্খলার ওপর মনোবিজ্ঞানীদের দিয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তারা।
