গাজীপুরের কালিয়াকৈরে অরক্ষিত রেলক্রসিং এ বিকল হওয়া ট্রাকের সাথে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে প্রায় দুই ঘণ্টা ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
গাজীপুর রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা রাজশাহী রেল রুটের গাজীপুরের কালামপুরে অরক্ষিত রেল ক্রসিং এ বালু বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। স্থানীয়রা অনেক চেষ্টার পরও ট্রাকটি রেল লাইন থেকে সরাতে ব্যর্থ হয়। সে সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন সেখানে চলে আসলে ওই বিকল ট্রাকের সাথে মৈত্রী ট্রেনের সংঘর্ষ ঘটে। এ সময় সংঘর্ষে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনের চালকসহ দুই জন আহত হয়। এ ঘটনার দেড় ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে ঐ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
