সাতক্ষীরার পুলিশের সাথে ‘সংঘর্ষে’ মনির হোসেন (২৭) নামে এক চোরাচালানি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে পুলিশের এক এএসআইসহ দুই পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার শিকড়ি সীমান্তের গজালিয়া বিলে এই ঘটনা ঘটে। মনির সদর উপজেলার কালিয়ানী ছয়ঘরিয়া গ্রামের রজব আলীর ছেলে।
আহতরা হলেন-গোয়েন্দা পুলিশের এএসআই আমিনুল ইসলাম ও কনস্টেবল আব্দুর রহিম ।
পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল রাত সাড়ে নয়টার দিকে সীমান্তের শিকড়ির কাছে গজালিয়া বিল এলাকায় চোরাচালানিদের চ্যালেঞ্জ করে কিছু ফেনসিডিল আটক করে। মুহুর্তেই চোরাচালানিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা কনস্টেবল আবদুর রহিমকে কুপিয়ে ও এএসআই আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করে । পুলিশও আত্মরক্ষার্থে সেখানে কয়েক রাউন্ড গুলি ছোড়ে । এ সময় পুলিশের গুলিতে চোরাচালানি মনির আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে গভীর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। এদিকে, গুরুতর অসুস্থ কনস্টেবল আবদুর রহিমকে উন্নত চিকিৎসার জন্যই রাতেই খুলনায় নিয়ে যাওয়া হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
