আড়াইহাজারে দেড় বছরের শিশুকে জবাই

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৫:২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামে বুধবার দুপুরে আরিফ নামের দেড় বছরের এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আরিফ উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুকান্দি এলাকার নাঈম মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার এস আই মনির মোল্লা জানান, আরিফের বাবা কয়েক বছর ধরেই মালয়েশিয়া থেকে নিয়মিত টাকা পাঠায়। ওই টাকা নিয়ে নাঈমের স্ত্রী শাহিনূর বেগমের সঙ্গে নাঈমের ভাই সাদেক মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এর মধ্যে শাহিনূরের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ তুলেন সাদেক। বুধবার সকাল থেকে আরিফ নিখোঁজ থাকে। পরে দুপুরে পাশের একটি বসত ঘর থেকে আরিফের জবাই করা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সাদেক পলাতক রয়েছে।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে শিশুটির মায়ের পরকীয়ার বিষয়টি সামনে নিয়েই তদন্ত করা হচ্ছে। আশা করি শ্রীঘ্রই পেয়ে যাব এ হত্যাকাণ্ডের মূল রহস্য।’