আইইউটির ২৮তম সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৬:২০
 
 
গাজীপুরের আবস্থিত ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি’র অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ২৮তম সমাবর্তন অনুষ্ঠান বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
আইইউটি’র ডাইরেক্টর জেনারেল প্রফেসর ড. আব্দুল মতিন পাটওয়ারী সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিগ্রি ও ডিপ্লোমাপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও গভর্নিংবোর্ডের চেয়ারম্যান এইচ ই মোঃ নজরুল ইসলাম খান।
এছাড়াও অনুষ্ঠানে ওআইসি’র সেক্রেটারী জেনারেলের লিখিত বক্তব্য পাঠ করেন ওআইসি’র এসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল এম্বাসেটর মোহাম্মদ নাঈম খান। বক্তব্য রাখেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর আব্দুর রাজ্জাক আকন।
সকালে প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুল মতিন পাটওয়ারী ক্যাম্পাসে এসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য কর্মকর্তগন তাকে স্বাগত জানান। পরে তিনি সমাবর্তন গাউন পরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এবছর বিশ্ববিদ্যালয়ের ২৬৯ জন ডিগ্রি ও ডিপ্লোমা প্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়। এর মধ্যে সর্বাধিক সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ইলেকট্রিক্যাল বিভাগের বাংলাদেশের ছাত্র ফাহিম ফয়সালকে ওআইসি স্বর্ণপদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আব্দুল করিম মিয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবিএম আশিকুর রহমান, সিভিল বিভাগের জুবায়ের ইবনে বশির ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদেশী ছাত্র ওয়ালেদী কাশিমাকে আইইউটি স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রধান অতিথিকে আইইউটি’র ক্রেস্ট প্রদান করেন। সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।