নান্দাইলে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৬:৩৫
 
 
 
ময়মনসিংহের নান্দাইলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা মো. হাসিম উদ্দিন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার সংগ্রামকেলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
নান্দাইল মডেল থানার অপারেশন অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহরাওয়ার্দী হোসেন অভিযুক্ত হাসিম উদ্দিন ফকিরকে উপজেলার সংগ্রামকেলি বাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত সূত্রে জানা যায়, আজই তাকে কারাগারে পাঠানো হয়েছে। 
 
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলী গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর শয়নকক্ষে ঢুকে তার উপর পাশবিক নির্যাতন করেন হাসিম উদ্দিন। এ সময় মেয়ের চিত্কার শুনে তার বাবা ঘরে ঢুকে ঐ নেতাকে কুপিয়ে আহত করেন। নেতা আহত হওয়ার ঘটনায় আতংকে ছাত্রীর গোটা পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনার দুদিন পর ২২ সেপ্টেম্বর ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে হাসিম উদ্দিন ও তাঁর এক সহযোগীকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
 
মামলা দায়েরের এক সপ্তাহ পর অভিযুক্ত হাসিম নিজেকে নির্দোষ দাবি করে মামলা প্রত্যাহারের জন্যে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে উপজেলার বিভিন্নস্থানে পোস্টার টানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। হাসিম উদ্দিন উপজেলার শেরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
 
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঐ ব্যক্তি  যুবলীগের নেতা কি-না তাঁর জানা নেই। তবে তিনি একটি ধর্ষণ মামলার আসামি।