রাবিতে ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৮:৩৪
 
 
বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ক্যাম্পাসের জুবেরী ভবনের সামনের মাঠে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে রাবি মেডিক্যাল সেন্টারে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমুল কাজলা থেকে জুবেরী ভবনের সামনের মাঠদিয়ে পায়ে হেঁটে ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় অজ্ঞাত পরিচয় ৪/৫ সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার ডান পায়ের হাটুর নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এসময় শিমুলের চিত্কার শুনে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানান, সন্ত্রাসী হামলায় শিমুল গুরুতর আহত হয়েছেন। তবে শিমুল ওই সন্ত্রাসীদের চিনতে পারেননি। এই রহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হবে বলে জানান তিনি।
এদিকে ছাত্রলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি সরকার ফারহানা আকতার বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় আনন্দ অভির সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরধরে শিমুলের কথা কাটাকাটি হয়েছিল। এছাড়া কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের এক সন্দেহভাজন ছাত্রশিবিরের নারী কর্মীকে পুলিশে সোপর্দ করার ঘটনায় শিমুল সম্পৃক্ত ছিলেন। উভয় ঘটনার জেরধরে তার উপর হামলা হতে পারে বলে জানান তিনি।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শিমুলের ওপর কারা কি উদ্দেশ্যে হামলা করেছে, তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ। তবে তিনি বলেন, দুপুরের দিকে ঘটনাস্থল নির্জন থাকার সুযোগ নিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান তিনি।