সাজিদের ভাই মনা ২ দিনের রিমান্ডে

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৯:৩৭
 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারী জঙ্গি (জেএমবির শীর্ষ নেতা) শেখ রহমতউল্লাহ সাজিদের বড় ভাই মোনায়েম ওরফে মনির হোসেন ওরফে মনাকে ২ দিনের রিমান্ডে নিয়েছে বন্দর থানা পুলিশ।
বুধবার বিকেলে মোনায়েম মনাকে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে প্রেরণ করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা বাজারে একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি টিম।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ডে নেওয়ার সত্যতা স্বীকার করেছেন।
এর আগে বুধবার সকালে র্যাব-১১ এর কর্মকর্তা নজরুল ইসলাম ৫৪ ধারায় আটকের মামলা দিয়ে মনাকে বন্দর থানায় সোপর্দ করে। তখন মনা সাংবাদিকদের বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি ওয়ার্কশপে কাজ করে খাই। আমার ছোট ভাই মাসুমের সঙ্গেও গত ১০ বছর যাবত কোনো যোগাযোগ নেই।”
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, মনার জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না কিংবা ভারতে গ্রেফতারর কথিত ভাইয়ের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে যাচাই-বাছাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মোনায়েম ওরফে মনা নারায়ণগঞ্জের বন্দরের ফরাজীকান্দা এলাকার লাহোর বাড়ির মৃত সিদ্দিকুর রহমান ওরফে পঁচা মিয়ার ছেলে। সে একটি মামলায় সাজিদের জামিনদার হয়েছিল।
সাজিদ ওরফে মাসুম ২০০৭ সালে পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। রিমান্ডে নেয়া মোনায়েম ওরফে মনির হোসেন ওই মামলায় সাজিদের জামিনদার হয়েছিল।
উল্লেখ্য, সাজিদ গত শনিবার ভারতের দমদম বিমান বন্দরের লাগোয়া যশোর রোড থেকে গ্রেফতার হয়। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায়।