নান্দাইলে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতারের পর কারাগারে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ০০:২১

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার যুবলীগ নেতা মো. হাসিম উদ্দিন ফকিরকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার সকালে উপজেলার সংগ্রামকেলি বাজার থেকে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসিম উদ্দিন উপজেলার শেরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলি গ্রামের সপ্তম শ্রেণির ওই ছাত্রীর শয়নকক্ষে ঢুকে তার উপর পাশবিক নির্যাতন করেন হাসিম উদ্দিন। এ সময় মেয়ের চিত্কার শুনে তার বাবা ঘরে ঢুকে ওই নেতাকে কুপিয়ে আহত করেন। নেতা আহত হওয়ার ঘটনায় আতঙ্কে ছাত্রীর গোটা পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দুই দিন পর গত ২২ সেপ্টেম্বর ছাত্রীর বাবা বাদী হয়ে হাসিম উদ্দিন ও তার এক সহযোগীকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ওই ব্যক্তি  যুবলীগের নেতা কি-না তার জানা নেই। তবে তিনি সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি।