গৃহবধূকে হত্যা, শাশুড়ি-ভাসুর আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৪:০৫

যৌতুকের টাকা না পেয়ে সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবার। এ ঘটনায় পুলিশ নিহতের শাশুড়ি মনোয়ারা বেগম (৫০) ও ভাসুর জুনায়েদ আলীকে (৩২) আটক করেছে।
নিহত রিপা খাতুন (২৫) তাড়াশ উপজেলার সাকুড়ি গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ও নীলফামারী জেলার জলঢাকা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে মনিরুল ইসলামের সাথে বিয়ে হয় রিপা খাতুনের। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য রিপাকে চাপ সৃষ্টির পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের সদস্যরা। এরই জের ধরে বুধবার রাতে রিপাকে শ্বাসরোধ করে হত্যা করে মুখে কিটনাশক ঢেলে দেয় তারা।
বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এসময় তার শাশুরি ও ভাসুরকে আটক করে পুলিশ।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।