গাজীপুরে শহরের মুন্সিপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ, প্রচারপত্রসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি (তদন্ত) আলম চাঁদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মুন্সিপাড়া এলাকার ন্যাশন প্রিন্টি প্রেস এন্ড প্যাকেজিং এবং ন্যাশনাল প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের চাঁদা আদায়ের রশিদ, প্রচার পত্র, পোস্টার জব্দ করা হয়। এ সময় প্রেসের মালিক সামসুল হক ও কর্মচারীসহ ১৩ জনকে আটক করা হয়।
এ সংবাদ লেখার সময় অভিযান চলছিল। জব্দ করা বিপুল সংখ্যক চাঁদা আদায়ের রশিদ ও অন্যান্য সরঞ্জামাদি পিকআপভ্যানে তোলা হচ্ছিল। অভিযানে কয়েক লাখ প্রচারপত্র ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়েছে বলে ওসি জানান।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, বিকেল ৪টায় এ ব্যাপারে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
