তিন বছর পরে আর্জেন্টিনার জাতীয় দলে ফিরে এসেছেন তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ। আর তার ফেরাটাকে ব্যর্থ হতে দেননি সতীর্থরা। বুধবার লন্ডনের বোলিয়ান গ্রাউন্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বিশ্বকাপের রানার্স-আপ দলটি।
IMG0
IMG1
২০১১ সালের কোপা আমেরিকায় সর্বশেষ আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তেভেজ। সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়ার বিবেচনায় তিনি কোনভাবেই দলে আসতে পারেননি। কিন্তু নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে এসে দারুণ উচ্ছাসা প্রকাশ করেছেন জুভেন্টাসের এই তারকা। সার্জিও আগুয়েরোর স্থানে ৬২ মিনিটে বদলি বেঞ্চ থেকে মাঠে আসে তেভেজ। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পরে আর্জেন্টিনা এখন চারটি প্রীতি ম্যাচের মধ্যে তিনটিতে জয়ী ও একটিতে পরাজিত হলো। আগামী সপ্তাহে আকাশি-সাদা জার্সিধারিরা ম্যানচেস্টারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের মুখোমুখি হবে। অন্যদিকে গত পাঁচ ম্যাচে এটা ক্রোয়েশিয়ার প্রথম পরাজয়। ইউরো ২০১৬ এর বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচেই ক্রোয়েশিয়া জয়ী হয়েছে। মূলত কোচ নিকো কোবাচ আগামী রোববার মিলানে গ্রুপ-এইচ এর ইতালির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মূল একাদশের প্রায় পুরোটাই জাগ্রেবে রেখে আসায় এই পরাজয় দেখতে হয়েছে বলে সংশ্লিষ্টদের মতামত।
IMG2
IMG3
ম্যাচের প্রথম আক্রমণটা মেসির মাধ্যমে আর্জেন্টিনা চালালেও ১১ মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার বিপর্যস্ত রক্ষণভাগের সুযোগে মাটেও কোভাসিস শারবিনির দিকে বল এগিয়ে দিলে প্রথম সুযোগেই পোস্টের ডান কর্নার দিয়ে বল জালে জড়ান ২৭ বছর বয়সি এই মিডফিল্ডার। এক গোলে পিছিয়ে থেকে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় মার্টিনোর শিষ্যরা। আগুয়েরোর দুটি প্রচেষ্টা ক্রোয়েশিয়ান গোলরক্ষক লোভরে কালিনিচ ব্যর্থ করে দেন। প্রথমটি ছিল দারুণ এক ভলি এবং দ্বিতীয় ২৫গজ দূর থেকে শক্তিশালী ড্রাইভ। কালিনিচ এরপর অ্যাঞ্জেল ডি মারিয়ার দূর পাল্লার শটও আটকে দেন। মেসির ফ্রি-কিক রক্ষা করে তিনি আর্জেন্টাইনদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছিলেন।
প্রথমার্ধ পর্যন্ত ক্রোয়েশিয়া আর্জেন্টাইনদের আটকে রাখলেও বিরতির তিন মিনিট পরে তাদের আর লিড ধরে রাখা সম্ভব হয়নি। মেসির পাস থেকে আনসালডি ২৫ গজ দূর থেকে জোড়ালো শটে শেষ পর্যন্ত কালিনিচকে পরাস্ত করেন। এরপর ৫৭ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বার্সেলোনার তারকার এটি ছিল ৪৫তম আন্তর্জাতিক গোল। এই একই প্রতিপক্ষের বিপক্ষে আট বছর আগে মেসি তার জাতীয় দলের গোলের খাতা খুলেছিলেন। এর কিছুক্ষণ পরেই তিন বছর, তিন মাস এবং ২৮দিন পরে তেভেজ তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামেন। তাকে দেখেই সমর্থকরা দারুণ উল্লাসে ফেটে পড়ে। ২০০৭ সালে এই মাঠেই সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামকে প্রিমিয়ার লিগের রেলিগেশন থেকে রক্ষা করেছিলেন তেভেজ। খবর বাসসের।
