শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি তার পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।
জানা যায়, শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ এনে বুধবার ক্লাস ও পরীক্ষা বন্ধ করে অবস্থান ধর্মঘটের মাধ্যমে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। বৃহস্পতিবারও একই দাবিতে ওই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই মধ্যে দুপুরে ডা. মোসলেহ উদ্দিন আহমেদ অধ্যক্ষ পদ থেকে তার পদত্যাগ করার সিদ্ধান্ত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেন।
জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, কলেজ অধ্যক্ষ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উপর মানসিকভাবে এবং লাঠি-ঝাড়ু ও জুতাপেটা করে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন।
