ডিএসইতে সূচক কমেছে ২১, সিএসইতে ৮৩ পয়েন্ট

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৮:৩৭
 
 
 
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা বহাল থাকেনি। দিনশেষে সূচক কমেছে ২১ পয়েন্ট। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে লেনদেনের পরিমাণ প্রায় ১৮ শতাংশ কমে সাত শ কোটি টাকার নিচে নেমে এসেছে। এ দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৩ কমে ১৫ হাজার ৩৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫০ কোটি ৩০ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১০ কোটি টাকা কম। 
তথ্যে দেখা গেছে— বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ কমে ৪ হাজার ৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১০ কমে ১ হাজার ৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৫৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৫১ কোটি ৭৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  লেনদেনকৃত ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে— পুঁজিবাজরের তালিকাভুক্ত কোম্পানিগুলো শহরের বাইরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২ সিসি ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে— তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংঘ স্মারকে ঘোষিত রেজিস্টার্ড অফিস যে শহরে দেখানো হয়েছে, এজিএম সে শহরেই করতে হবে। যদি কোনো কোম্পানি শহরের বাইরে এজিএম করতে চায়, সে ক্ষেত্রে বিএসইসির অনুমোদন নিতে হবে।

এ দিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে ৩৬ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই ১৪—সেপ্টেম্বর ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ সব তথ্য দেয়া হয়েছে। গত ৩ মাসে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৮ কোটি ২ হাজার টাকা। আর ইপিএস হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১২  কোটি ৪৮ লাখ টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা।