নির্ধারিত সময়ের মধ্যে হাজারিবাগের ট্যানারি স্থানান্তরের জন্য মালিকদের লিগ্যাল নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। একই সাথে তিনি যেসব ট্যানারি মালিক সাভারের চামড়া শিল্পনগরিতে নির্মাণ কাজ শুরু করেছেন, তাদেরকে আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণের টাকা দেয়া শুরু করতে বিসিকের প্রতি নির্দেশনা দেন।
আদালতের নির্দেশনা ও বিসিকের সাথে ট্যানারি শিল্প উদ্যোক্তাদের সমঝোতার বিষয়টি উল্লেখ করে দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য এ নোটিশ প্রদানের নির্দেশনা দেন তিনি। চলতি (২০১৪-২০১৫) অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
সভায় শিল্পমন্ত্রী কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে শাহজালাল সার কারখানাসহ কোনো প্রকল্প নির্ধারিত সময় সীমার মধ্যে বুঝে নিতে না পারলে, দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রকল্প বাস্তবান করতে গিয়ে উদ্ভুত যে কোনো সমস্যা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন।
সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার ২৮টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫শ’ ২৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত প্রকল্পগুলোর অনুকূলে ২শ’ ৭৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা অবমুক্ত করা হয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়।
সভায় আরো জানানো হয়, সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহ্জালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৯১ দশমিক ৩৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্ততন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
