ঢাকার সাভার পৌর যুবলীগের একটি অংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি পোশাক কারখানা থেকে ঝুট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সাভার পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক ফারুক আহাম্মেদ অভিযোগ করেন, পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ সংগঠনটির কয়েকজন নেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে উলাইল এলাকার ব্লু টেক্সটাইল নামের পোশাক কারখানা থেকে ঝুট কিনছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংসদ এনামুর রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত আবু সাঈদ, ফরহাদ হোসেন ও খোকনসহ যুবলীগের কয়েকজন নেতা-কর্মী গতকাল সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে গিয়ে ওই কারখানা থেকে তিন ট্রাক ঝুট ছিনিয়ে নিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিক সাংসদকে জানিয়ে কোনো ফল পাওয়া যায়নি।
ফরহাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা ঝুট ছিনতাই করেননি। সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের আস্থাভাজন হিসেবে পরিচিত ফারুক ও কামরুলসহ যুবলীগের কয়েকজন নেতা-কর্মী ওই কারখানা থেকে ঝুট কিনলেও সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ তাঁদের (ফরহাদ) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু আগের ব্যবসায়ীরা তাঁদের বাধা দেওয়ায় পুলিশের উপস্থিতিতে গতকাল তাঁরা ঝুট বের করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন মুন্সি দাবি করেন, ‘ব্লু টেক্সটাইলের ঝুট বের করা নিয়ে উত্তেজনার খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে যাই। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কোনো পক্ষকেই পাওয়া যায়নি।’
সাংসদ এনামুর রহমান বলেন, ‘ঝুট নিয়ে কোনো ঝামেলা হয়েছে কি না তা আমার জানা নেই।’

এ ব্যাপারে কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।