শুক্রবার চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার মনছুরাবাদ এলাকা ও চাঁন্দগাও থানার কালুরঘাট বিসিক শিল্প নগরীতে বাসায় ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ কুমার সিংহ জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় আকবর শাহ থানার নতুন মনছুরাবাদ এলাকার আবদুল হাকিম মঞ্জিলের তিনতলার একটি বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দুলাখ টাকার ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
অন্যদিকে দুপুর দেড়টার দিকে কালুরঘাট বিসিক শিল্প এলাকার একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রহ্লাদ সিংহ জানিয়েছেন, সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।
