সিলেটে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় গুলি চালিয়েছে পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হন রুবেল (২০) নামে এক লেগুনাচালক।
শনিবার সকাল সাড়ে ১২টার দিকে নগরীর দরগা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রুবেলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে কারা অন্তরীণ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে আজ সকাল সাড়ে ১১টার দিকে দরগা গেট এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং শিবিরের নেতাকর্মীরা চন্দনতুলার গলির দিয়ে পালিয়ে যায়। এ সময় এক শিবির কর্মীকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলা ১২টার দিকে অবস্থান নেয়া পুলিশের শটগান থেকে 'অসাবধানতাবশত' বেরিয়ে আসা একটি গুলি জনতার ভীড়ে দাঁড়ানো রুবেলের পিঠে বিদ্ধ হয়ে বুক ফুঁড়ে বেরিয়ে যায়।
রুবেল পুলিশের রিকুজিশন নেয়া একটি লেগুনার চালক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, মিছিল ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। পালিয়ে যাওয়া শিবিরের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশের গুলিতে আহত হয়েছে।
