মিচেল জনসন দ্বিতীয়বারের মতো জিতলেন আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার। এর আগে কেবল তার স্বদেশী অস্ট্রেলিয়ান রিকি পন্টিং দু’বার জিতেছিলেন বর্তমানে ক্রিকেটের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কারটি। পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন জনসন। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের বিরুদ্ধে গত আগস্টে অ্যারন ফিঞ্চের ৬৩ বলে ১৫৬ রানের বিধ্বংসী ইনিংসটি নির্বাচিত হয়েছে টি-টোয়েন্টির বর্ষসেরা পারফরম্যান্স।
গত বছরের ২৬ আগস্ট থেকে এবছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে পারফরম্যান্স বিচারে দেয়া হয়েছে পুরস্কারটি। এই সময়ে জনসনের অর্জনকে বিস্ময়করই বলতে হবে। আট টেস্টে মাত্র ১৫.২৩ গড়ে জনসন শিকার করেছেন ৫৯ টি উইকেট। আর ১৬ ওয়ানডেতে ৩৩.০৪ গড়ে এসেছে ২১ উইকেট।
