অবশেষে প্রতিবন্ধী মেয়েটি ফাঁসিতে ঝুলে জীবন দিল

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ০০:১৮

কোন বিচার না পেয়ে অপমানে অবশেষে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে জীবন দিল প্রতিবন্ধী শরীফা আক্তার (১৬)। আজ শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শরিফা আক্তারের পরিবারের অভিযোগ, প্রতিবেশি আব্দুস সালামের বখাটে ছেলে কাঞ্চন মিয়া (২০) প্রায়ই শরীফাকে উত্ত্যক্ত করত। ১০/১২দিন আগে কাঞ্চন একা ঘরে শরীফাকে পেয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির মা আমেনা খাতুন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
শরীফার বাবা মফিজ উদ্দিন বলেন, এ ঘটনার পর সালিশ হলেও ছেলেটির পরিবার প্রভাবশালী হওয়ায় কোন সুবিচার পাইনি। এলাকায় এ নিয়ে সমালোচনা হওয়ায় মেয়েটি অপমানে আত্মহত্যার পথ বেছে নেয়।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ শনিবার সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।