উত্ত্যক্ত সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৫:৩৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় বখাটের অপমান সহ্য করতে না পেরে শারমিন সুলতানা নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শারমিন মুন্সীগঞ্জ এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই এলাকার অনিক মিয়া (২১) নামে এক বখাটে শারমিন সুলতানাকে উত্ত্যক্ত করতো। আজ সকালেও স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্ত করে সে। পরে বাড়ি ফিরে গিয়েই শারমিন আত্মহননের পথ বেছে নেয়। শারমিনের পিতা আব্দুর রউফ কান্না জড়িত কণ্ঠে বলেন আমি এর বিচার চাই।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনও অনিককে গ্রেফতার করা যায়ানি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।