কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় আনসার কমান্ডারের কারাদণ্ড

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৮:১৬
 
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আব্দুল খালেক (৪৫) নামে এক আনসার কমান্ডারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এই আদেশ দেন। আব্দুল খালেক গাংনী উপজেলার হিজলবাড়িয়া মধ্যপাড়ার জিয়ারত আলীর ছেলে ও গ্রাম্য আনসার ভিডিপি কমান্ডার।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, হিজলবাড়িয়া মধ্যপাড়ার মনিরুল ইসলামের মেয়ে ও গাংনী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমিন সুলতানা লিজাকে পথে ঘাটে উত্যক্ত করতেন আব্দুল খালেক। সকালে লিজাকে উত্যক্ত করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আনোয়ার পারভেজ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুল খালেককে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।