পারলেন না সাকিব

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৮:৪২



রেকর্ডের কাছে গিয়েও সেটি অর্জন করতে পারলেন না বাংলাদেশ দলের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে এক উইকেট নিয়ে পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন দুদিন আগেই।

তিন ম্যাচের টেস্ট সিরিজে সেঞ্চুরি ও বেশি উইকেট নেয়ার দিক থেকে বাংলাদেশের সাকিব আল হাসান এখন চতুর্থ সেরা অলরাউন্ডার। আরো একটি রেকর্ডের অপেক্ষায় ছিলেন তিনি এবং এই দেশের অগনিত সাকিব অনুরাগী। সেটি হচ্ছে তিন ম্যাচের সিরিজে ২৫০ রান ও ২০ উইকেট নিয়ে এলিট ক্লাবের সদস্যপদ লাভ করা।

দ্বিতীয় ইনিংসে শনিবার ব্যাট করতে নেমে রানের কোটা পূরণ করেন সাকিব। চলতি টেস্ট সিরিজে তার রান ২৫১। কাল ১৭ রান করে এই লক্ষ্য পেরিয়েছেন বাংলাদেশ দলের ওই আইকন ক্রিকেটার। ফলে বাকী ছিল ২০ উইকেট প্রাপ্তির পালা। ১৮ উইকেট ঝুলিতে থাকায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস থেকে তার প্রয়োজন ছিল মাত্র দুটি উইকেট। এই দুই উইকেট তুলে নিতে পারলে প্রথম অলরাউন্ডার হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ রান ও ২০ উইকেট নেয়ার কৃতিত্ব লাভ করতেন। আর পাঁচ উইকেট নিতে পারলে তিন ম্যাচের সিরিজে সেঞ্চুরি ও বেশি উইকেট নেয়ার তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে সেরা অলরাউন্ডার হতেন সাকিব।

কিন্তু দ্বিতীয় ইনিংসের বোলিংয়ে খুঁজে পাওয়া যায়নি সাকিবকে। যেখানে দুটি করে উইকেট পেয়েছেন স্বাগতিক দলের পেসার শফিউল, রুবেল, স্পিনার জুবায়ের ও অনিয়মিত বোলার শুভগত। সেখানে একটিও উইকেট দখল করতে পারেননি সাকিব। ফলে দারুণ একটি অর্জন থেকে বঞ্চিত হলেন সাকিব। বঞ্চিত হল এ দেশের অগণিত ক্রিকেট তথা সাকিব ভক্তরা।