রূপগঞ্জে মনির হত্যা: ৬ জনের ফাঁসির আদেশ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৩:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় ৬ ডাকাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দিয়েছে আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ২ নং অতিরিক্ত দায়রা জজ আদালত এর বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামীরা সকলেই উপস্থিত ছিলেন।
মৃত্যুদ- প্রাপ্তরা হলেন- সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্কাস, অহিদ ওরফে রণি ও আকতার হোসেন। এদের মধ্যে সোলেমান, রিপন ও জাহাঙ্গীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছিলেন। নিহত ও দ-প্রাপ্তরা সকলেই আড়াইহাজার উপজেলার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কে এম ফজলুর রহমান জানান, ২০০৮ সালের ২৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় ডাকাতির সময়ে বাধা দেন মনির হোসেন। পরে ডাকাতেরা তাকে হাত পা বেঁধে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী নিহতের স্ত্রী হাসিনা বেগম রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে খুনীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।