১০ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র আনোয়ারের

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ১৫:১৬

নিখোঁজ হওয়ার ১০ দিনেও কুমিল্লার মুরাদনগর উপজেলার জানঘর নুরীয়া হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র দাখিল পরীক্ষার্থী আনোয়ার হোসেনের (১৪) সন্ধান মেলেনি। এ ঘটনায় গত বুধবার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সোহেল রানা মুরাদনগর থানায় একটি সাধারন ডায়েরি করেন।
নিখোঁজের আগ পর্যন্ত আনোয়ার মাদ্রাসার আবাসস্থলে থাকতেন। আনোয়ার মুরাদনগর সদর ইউনিয়নের ইউছুফনগর গ্রামের দাদন মিয়ার ছেলে।
জানা গেছে, গত রবিবার দুপুর দুইটায় খালাতো ভাই খাইরুল ইসলামকে সাথে নিয়ে মাদ্রাসার বাহিরের দোকান থেকে নাস্তা আনতে গিয়ে নিখোঁজ হয় আনোয়ার। ঘটনার পর থেকে মাদ্রাসার শিক্ষক ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে অবশেষে নিখোঁজের চারদিন পর গত বুধবার মুরাদনগর থানায় মাদ্রাসার প্রধান শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সন্ধান পাওয়ার পর নিখোঁজের রহস্য বলা যাবে।