পঞ্চগড় শহরে নির্দিষ্ট স্থান থেকে বাস-মিনিবাস ও অটোরিকশা-থ্রি হুইলারে যাত্রী ওঠানো নামানোর দাবিতে জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালিত হচ্ছে। সোমবার সকাল ছয়টা থেকে শহরে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের প্রথম দিনই চরম দুর্ভোগের শিকার হয়েছে সাধারণ যাত্রীরা। দূর-দূরান্ত থেকে আগত যাত্রীরা বাস টার্মিনাল ও বাস স্ট্যান্ড থেকে নেমে হেটেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান। জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরাও পায়ে হেটে পরীক্ষা কেন্দ্রে আসে। তবে মাঝে মধ্যে শহরে অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল করেছে। সকাল থেকেই রিকশা -ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। শহরের বাইরে থেকে আগত রিক্সা-ভ্যান তারা শহরে প্রবেশ করতে দেয়নি।
পঞ্চগড় জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম জানান, জেলা শহরের নির্দিষ্ট স্থানে বাস-মিনিবাস এবং অটোরিকশা ও থ্রি-হুইলারের স্ট্যান্ড রয়েছে। কিন্তু তারা শহরে এসে যাত্রী ওঠানামা করায় আমরা ভাড়া পাচ্ছি না। নির্ধারিত স্ট্যান্ড থেকে যাত্রী ওঠানামা করার জন্য আমরা এর আগে বেশ কয়েক বার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। এ নিয়ে সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়ন হয় না। তাই আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি।
এখন পর্যন্ত আলোচনায় বসার জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি।
