চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ২০:৪৩
 
 
কক্সবাজারের চকরিয়ায় একটি পণ্যবাহী কার্ভাডভ্যান ও একটি নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নলবিলাস্থ ডলম পীর শাহ মাজার গেইট এলাকায় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া থেকে বিট্রিশ আমেরিকান ট্যোবাকো’র লোকজন একটি নোহা মাইক্রোবাস যোগে চট্রগ্রাম যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার নলবিলাস্থ ডলম পীর শাহ মাজার গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কার্ভাডভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলে গাড়ি দুটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় মাইক্রোবাসের যাত্রী বিট্রিশ আমেরিকান ট্যোবাকোর বিক্রয় প্রতিনিধি উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া গ্রামের মুফিজুর রহমানের ছেলে মোহাম্মদ ছাদেক (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ সময় মাইক্রোবাস চালক জিয়াউদ্দিন (২৭) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে সেখানে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ইসলামনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.ফয়েজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করেছে।